আমাকে দুঃখ দাও (Give Me Pain)
A
0
Altın Yaprak
আমাকে দুঃখ দাও।
কাছে বসে হেসে হেসে
তোমার হাতে গড়া কোমল সুন্দর দুঃখ।
যে কোন দুঃখ দিও না।
যে দুঃখে তোমার পরশ থাকে না
সে দুঃখে প্রাণ আমারভরে না।
আমাকে দুঃখ দাও।
অপলকে চেয়ে চেয়ে
তোমার চোখের জলের বানভাসি দুঃখ।
মন গড়া দুঃখ দিও না।
যে দুঃখে তোমার সুগন্ধ থাকে না
সে দুঃখে হৃদয় আমার কাঁদে না।
আমাকে দুঃখ দাও।
আঁচড়হীন নখের আর্তনাদ জাত
তোমার নখের ধূসর ধূসর দুঃখ।
আনমনা দুঃখ দিও না।
আমাকে আঁচড়াতে না পেরে যে নখ কাঁদে না
অনুভূতিহীন সেই নখের দুঃখ দিও না।
আমাকে দুঃখ দাও।
ডুকরে ডুকরে কেঁদে উঠা
তোমার হৃৎপিণ্ডের দুঃখ।
পাথরের দুঃখ দিও না।
আমার হৃদয়ের সঙ্গে গাইতে না পেরে যে হৃৎপিণ্ড কাঁদে না
সেই অবশ হৃৎপিণ্ডের দুঃখ দিও না।
আমাকে দুঃখ দাও।
একটু নয়। অনেক অনেক দুঃখ দাও।
দুঃখে দুঃখে অবশ করে
আমার জীবনের সব দুঃখ তুমি
এক্কেবারে ভুলিয়ে দাও।
ঠেসে ঠেসে দুঃখ দাও। হেসে হেসে দুঃখ দাও।
ঘষে ঘষে দুঃখ দাও। ছুঁয়ে ছুঁয়ে দুঃখ দাও।
শয়নে একটু দুঃখ দাও। স্বপনে একটু দুঃখ দাও।
চোখে একটু দুঃখ দাও। বুকে একটু দুঃখ দাও।
ঠোঁটে একটু দুঃখ দাও। নাভিতে একটু দুঃখ দাও।
তারও নীচে কোথায় কি যেন কি আছে
সেখানেও অনেক অনেক দুঃখ দাও।
© অরুণ মাজী
Painting by Charles Z Landelle
Bu şiiri puanla
Henüz puan verilmemiş