আমি চাই রমণী দাঁতের দংশন (Ami Chai Romoni Danter Dongshon)
A
0
Altın Yaprak
আমি চাই রমণীর ভালোবাসা।
নাহঃ যে স্বর্গে রমণীর নূপুর বাজে না
সে স্বর্গে আমার কাজ নেই।
স্বর্গে,
ঊর্বশীর উড়ন্ত আঁচল হয়তো আছে;
তিলোত্তমার নগ্ন নিতম্বের-
তা ধিন ধিন নাচ হয়তো আছে;
কিন্তু সেখানে,
মাটির রমণীর
নূপুর কখনো বাজে না।
আমি চাই রমণীর ভালোবাসা;
অপ্সরা ঊর্বশীর ভালোবাসা নয়।
আমি চাই রমণী ওষ্ঠের মধু
স্বর্গের কোন অমৃতভাণ্ড নয়।
আমি চাই রমণী কণ্ঠের ডাক
সুকণ্ঠী মেনকার গীত নয়।
মাইরি বলছি
যে স্বর্গে রমণীর কাঁকন বাজে না
সে স্বর্গে আমার কাজ নেই।
আমি চাই রমণী বুকের স্পর্শ
নন্দন কাননের স্পর্শ নয়।
আমি চাই রমণী আঁখির ঝিলিক
সূর্য-চন্দ্রের ঝলক নয়।
আমি চাই রমণী-নাভির শস্যক্ষেত
ইন্দ্রকাননের পুষ্প শস্য নয়।
যে স্বর্গে
রমণী কণ্ঠের তিরস্কার নেই,
সে স্বর্গে আমার কাজ নেই।
যে স্বর্গে
রমণী দাঁতের দংশন নেই,
সে স্বর্গে আমার কাজ নেই।
আমি চাই রমণী বুকের
ঘৃণা মিশ্রিত উদ্দাম ভালোবাসা।
যে স্বর্গে
ক্ষুব্ধ রমণীকে বাহুতে বেঁধে
তার গভীর চুম্বন আদায় করতে পারি না;
সে স্বর্গে আমার কাজ নেই।
ওহে দেবরাজ
স্বর্গের লোভ আমায় দেখিও না।
অভিমান ক্ষুব্ধ রমণীর
দংশন-মধু আমার বুকে।
আমার স্বর্গে কাজ নেই।
© অরুণ মাজী
Painting: Edwin Long
Bu şiiri puanla
Henüz puan verilmemiş