বেশি ভালোবাসবো না (Malobika..)
A
0
Altın Yaprak
বেশি ভালোবাসবো না
একটু ভালো বাসবো তোমায়।
নখ আর আঙুলের মাঝে যতটুকু ধরে
ততটুকু ভালো বাসবো তোমায়।
বেশি ভালোবাসা ভালো নয় গো সখী
বেশি ভালোবাসা ভালো নয়।
বেশি ভালোবাসলে ছানি পড়ে।
দীর্ঘ পুরু ছানি পড়ে।
কর্ম দেখা যায় না, ধর্ম দেখা যায় না,
সত্য দেখা যায় না।
মরণ ছাড়া
কিছুই দেখা যায় না।
তাই বেশি ভালোবাসবো না
একটু ভালো বাসবো তোমায়।
ধর্ম আর অধর্মের মাঝে যতটুকু ধরে
ততটুকু ভালোবাসবো তোমায়।
সত্য আর অসত্যের মাঝে যতটুকু ধরে
ততটুকু ভালোবাসবো তোমায়।
বেশি ভালোবাসা ভালো নয় গো সখী
বেশি ভালোবাসা ভালো নয়।
বেশি ভালোবাসলে হৃদয় কাঁদে।
আমৃত্যু হৃদয় কাঁদে।
শয়নে কাঁদে, স্বপনে কাঁদে,
তপস্যায় কাঁদে।
কান্না ছাড়া
কিছুই আর থাকে না।
তাই বেশি ভালোবাসবো না
একটু ভালো বাসবো তোমায়।
ধৈর্য্য আর অধৈর্য্যের মাঝে যতটুকু ধরে
ততটুকু ভালোবাসবো তোমায়।
সংযম আর অসংযমের মাঝে যতটুকু ধরে
ততটুকু ভালোবাসবো তোমায়।
বেশি ভালোবাসবো না গো সখী
বেশি ভালো বাসবো না।
তোমার চোখ
আর আমার চিতার মাঝে যতটুকু ধরে
ততটুকু ভালোবাসবো তোমায়।
তোমার ঠোঁট
আর আমার মৃত্যুর মাঝে যতটুকু ধরে
ততটুকু ভালোবাসবো তোমায়।
© অরুণ মাজী
Painting: Aaron Westerberg
Bu şiiri puanla
Henüz puan verilmemiş