ধর্ম-অধর্ম (Dharma Adharma)
A
0
Altın Yaprak
মানুষ সেজেছে দেবতা আজ
দেবতা পাথর স্তম্ভ।
ধর্মের নামে খুনোখুনি আজ
ধার্মিক নামের দম্ভ।
দেব দেবত্ব ঢেকেছে আজ
শাস্ত্রাচারের ছায়ায়।
করুণা প্রেম ঢেকেছে মুখ
ছদ্ম ধর্মের জ্বালায়।
বালক শিশু কৃষ্ণ যীশু
ক্ষুধার্ত কেঁদে মরে।
বুদ্ধ মহম্মদ অনাথ শিশু
মরে শীর্ণ কলেবরে।
কাঁদে আকাশ কাঁদে বাতাস
ক্ষুধার্তের আর্তনাদে।
হতাশ নদী বিষাদ পাহাড়
ধরিত্রী নীরবে কাঁদে।
ধর্মের নামে অধর্ম যত
রক্ত ঈশ্বর হাতে।
ধার্মিক সাজে হত্যাকারী
হত্যা লীলায় মেতে।
কিসের ধর্ম কিসের ঈশ্বর
প্রেমহীন পৃথিবী মাঝে?
কিসের স্বর্গ কিসের পুণ্য
যদি ধর্ম মৃত্যু-সাজে?
মানুষ বিনা ধর্ম মৃত
মৃত আল্লাহ ভগবান।
প্রেম বিনা মিথ্যা পুণ্য
মিথ্যা অমৃত আহ্বান।
স্বর্গ সিঁড়ি পড়বে ভেঙে
ছোলা কলার ধর্মে।
মর্ত্যভূমি দেবভূমি হবে
মরমী মর্মের কর্মে।
© অরুণ মাজী
Painting: Amit Bhar
Bu şiiri puanla
Henüz puan verilmemiş