দিদির খোঁজে (Seeking Sister)
A
0
Altın Yaprak
দিদিরে দিদি আমার দিদি
কোথায় গেলি চলে?
পশু পাখি ফিরছে নীড়ে
সূর্য গেছে ঢলে।
বাঁশের বনে ঘরের কোনে
সব খুঁজেছি আমি।
বকুল তলা চালতা তলা
সব দেখেছি আমি।
বানুর বাড়ি তপুর বাড়ি
আছিস তুই কোথায়?
বোস বাগানেও খুঁজেছি কত
তবু তোর দেখা নাই।
বিন্দি বুড়ী বলে নাকি
গেছিস আকাশে।
মন্টু মাষ্টার বলে নাকি
ভাসিস বাতাসে।
আলো চোখ কালো মায়ের
তোর কথা ভেবে।
তুলসী তলায় কে আমায়
তিনটে হামি দেবে?
চোখের জলে মা বলে
গেছিস শ্বশুর বাড়ী।
আসতে তোকে দেয় না তারা
নিয়ম কড়াকড়ি।
বাবা বলে গেছিস তুই
বোর্ডিং স্কুলে পড়তে।
বড় যখন হবো আমি
আসবি তুই খেলতে।
বকমবাজ বড়র দল
মিথ্যে কথা বলে।
বুক ফঙ ফঙ শূন্য বুক
এখুনি আয় চলে।
বাবলা গাছের বাবুইটা
তোরই খোঁজ করে।
খাঁচার সেই চড়ুইটা
গেলো বুঝি মরে।
যতখুশি কান মুলিস
কথা দিলাম তোরে।
তুই বিনা শূন্য বুক
যাচ্ছি আমি মরে।
দিব্যি দিলাম মাকে ছুঁয়ে
খাবো না কিছু আর।
মন্ডা মিঠাই তেতো লাগে
তুই যে নেই আমার।
কান মুলে বলছি তোকে
দুস্টুমি আর করবো না।
নাকেও আমি খত দিচ্ছি
তোর কথা ফেলবো না।
কত মিষ্টি তোর হামি
এমন হামি হয় না।
মা বাবা সবাই বকে
তেমন হামি দেয় না।
দিদিরে দিদি আমার দিদি
গেলি কোথায় বল?
আলো এখন আঁধার আমার
চোখে আমার জল
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş