ফুল তুলে নেওয়া আমার স্বভাব নয়
A
0
Altın Yaprak
পেলেই যাত্রা শেষ
তাই খুঁজতে খুঁজতে এগোতে থাকি আমি।
ফুল তুলে নেওয়া আমার স্বভাব নয়।
পাপড়ির সৌন্দর্য্য বুকে রেখে দেওয়া আমার স্বভাব নয়।
ফুলকে কেবল তার বৃন্তেই ভালো লাগে
অধিকার, কোন অধিকার-ই আমার স্বভাব নয়।
সেই কবে মালবিকার স্মৃতি মনে করে
একটা গোলাপ আমি, বইয়ের মলাটে বন্ধ রেখে দিই।
একদিন দেখি, সেই গোলাপ আর গোলাপ বর্ণ নেই
কি যেন রুগ্ন কালো, পাতা পাতা একটা ছবি!
খুব কাঁদি আমি।
যে গোলাপকে আমি মালবিকা বলে জানি
সেই গোলাপের হত্যা, আমার স্বভাব নয়।
মালবিকাকে তাই আমি দেখি
দূর থেকে তাড়িয়ে তাড়িয়ে দেখি।
গোলাপ বৃন্তেই সুন্দর
জলোচ্ছ্বাস নদীতেই সুন্দর
পাখি উন্মুক্ত আকাশেই সুন্দর
শিশু মায়ের কোলেই সুন্দর
মালবিকা বিস্তীর্ণ ধরিত্রীতেই সুন্দর।
আমার বুকে কি এতো জায়গা আছে
যে মালবিকাকে রাখবো সেখানে?
সেখানে- মালবিকার উড়ার আকাশ কই?
তার সাঁতার কাটার নদী কই? তার নাচার সোনালী ধানক্ষেত কই?
নদীকে পাহাড় বাঁধতে পারে না
নারীকে পুরুষ বাঁধতে পারে না।
এই বাঁধাটাঁধা আমার স্বভাব নয়।
আমার বুকে কি এতো জায়গা আছে
যে কাউকে বাঁধবো আমি?
বলিহারি অমল, বলিহারি তোমায়-
তোমার নিজের মনকে তুমি বাঁধতে পারো না
তো মালবিকাকে বাঁধবে কোথায়?
আমি খুঁজি। খুঁজি আর দেখি।
আমি- ফ্যালফ্যাল করে এই মহাবিশ্ব দেখি।
আমি- শিশুর বিস্ময় নিয়ে দেখি
আকাশের অনুকম্পা নিয়ে দেখি
সময়ের অনুসন্ধিৎসা নিয়ে দেখি।
বুকে ধরলেই বন্ধন
বন্ধন হলেই যন্ত্রণা
যন্ত্রণা হলেই আঘাত, প্রত্যাঘাত আর রক্তপাত।
যাকে ভালোবাসি
তার বুকে রক্ত দেখি কি করে?
© অরুণ মাজী
Painting by Yigal Ozeri
Bu şiiri puanla
Henüz puan verilmemiş