কেউ ফিরে না
A
0
Altın Yaprak
কেউ ফিরে না। কখনো কেউ ফিরে না।
নদী ফিরে না, নারী ফিরে না, পাখি ফিরে না।
ফিরে ফিরে আসে শুধু-
হৃদয়ে মোচড় দেওয়া, হতাশার শ্বাস
প্রতিফলিত শব্দের আশ্বাস,
অনাহার ক্লিষ্ট শ্বাসের দীর্ঘশ্বাস।
ওগো ঈশ্বর-
মালবিকা যে কথা দিয়েছিলো।
আমার মালবিকা
একান্তে আমায় কথা দিয়েছিলো।
যেদিন
আকাশে থাকবে চাঁদনি রাত,
সেদিন,
সেদিন হবে আমাদের মধুরাত।
চাঁদও তা মেনেছিলো;
সেও মালোবিকাকে বিশ্বাস করেছিলো।
সেও একটা একটা জ্যোৎস্নার হাসিতে
দিন গুনেছিলো।
চাঁদ সেজেছিলো, আকাশ হেসেছিলো,
বাতাস গেয়েছিলো, নদী নেচেছিলো।
আমার হৃদয়ে
দিনরাত সানাই বেজেছিলো।
তবুও ফিরে নি, মালবিকা ফিরে নি।
সকলেই-
অনেক, অনেক অপেক্ষা করেছিলো।
বুকে ত্যাগ নিয়ে
সূর্য্যও পুরো একদিন মুখ ঢেকেছিলো।
ফিরে নি, মালবিকা তবুও ফিরে নি।
না না, কেউ ফিরে না।
নদী ফিরে না, নারী ফিরে না, পাখি ফিরে না।
ফিরে ফিরে আসে শুধু
নৃশংস স্মৃতির হা হা উল্লাস,
মৃত স্বপ্নের আশ্বাস,
মুমূর্ষু শ্বাসের, মৃত মৃত দীর্ঘশ্বাস।
Poem by © Arun Maji
Painting by Emile Eiseman
Bu şiiri puanla
Henüz puan verilmemiş