কিছু ভালোবাসা আছে যা লুকিয়ে রাখতে হয়
A
0
Altın Yaprak
কিছু ভালোবাসা আছে
যা লুকিয়ে রাখতে হয়।
আড়ালে আড়ালে
সযতনে লুকিয়ে রাখতে হয়।
এমনকি
তা নিজের থেকেও লুকিয়ে রাখতে হয়।
তারপর একদিন
যেদিন-
স্বপ্নের আকাশ মেঘে ঢেকে যায়
হৃদয়ের সংগীত আর্তনাদে ঢেকে যায়
জীবনের বাগান দুর্ভিক্ষে শুকিয়ে যায়-
সেদিন সঙ্গোপনে
সেই ভালোবাসার মোড়ক খুলতে হয়।
'ছিলো গো ছিলো
আমারও বুকে অনেক ভালোবাসা ছিলো।
আমারও একদিন
দুরুদুরু বুক ছিলো, কাঁপা কাঁপা কণ্ঠ ছিলো
বিনিদ্র রাতে অনেক স্বপ্ন ছিলো।
আমিই কাছে চাই নি।
সে তো আমায়
অনেক ইঙ্গিত দিয়েছিলো।
আড়চোখে ঝিলিক দেখিয়েছিলো
ডাগর বুকে পাহাড় দেখিয়েছিলো
নিতম্ব নদীতে তরঙ্গ দেখিয়েছিলো।
তাকে, আমিই কাছে চাই নি।
তাই বলে,
ভালো কি তাকে বাসি নি?
বেসেছি গো বেসেছি
তাকে অনেক ভালোবেসেছি।
কাছেই কেবল চাই নি। '
হটাৎই-
অবসাদের কালো মেঘটা
দূরে সরে যায়।
হৃদয়ে আবার বাতাস দেয়
মনে আবার স্বপ্ন উঁকি মারে।
জীবনে যা কিছু মহার্ঘ্য
তা সবই লুকিয়ে রাখতে হয়।
এমনকি
নিজের থেকেও লুকিয়ে রাখতে হয়।
কিছু ভালোবাসা আছে
যা লুকিয়ে রাখতে হয়।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş