মালবিকা ও এক দুষ্টু ছেলে (Malobika O Dushtu Chhele)
A
0
Altın Yaprak
ফ্যালফ্যাল করে
তোমাকে দেখি বলে
ভেবো না
তোমাকে ভালোবাসি আমি।
ফুলকেও তো কত দেখি আমি
তা বলে কি
আমি ফুল ভালোবসি?
হয়তো বাসি।
তবে বেশি বেশি নয়
একটু একটু ভালোবাসি।
তবে ফুল দেখে আমি
কবিতা কখনো লিখি না।
কেবল তোমাকেই না দেখলে
কবিতার চাঁদ, রূপসী কখনো হয় না
ছন্দের নাচ, সুদৃশ্য কখনো হয় না
সুরের হৃদয়, সুমধুর কখনো হয় না।
তোমাকে না দেখলে
সকালটাও যেন, ফর্সা কখনো হয় না
রাঙা সূর্যেও যেন, গোধূলি কখনো হয় না
হৃদয়কেও যেন, হৃদয় কখনো লাগে না।
গা ছুঁয়ে বলছি আমি-
তোমার দিকে
ড্যাবড্যাব করে চেয়ে থাকি বলে
ভেবো না
তোমাকে ভালোবাসি আমি।
ঝিঙে চিচিঙের দিকেও তো
ড্যাবড্যাব করে চেয়ে থাকি আমি।
তা বলে কি
ঝিঙে চিচিঙে ভালোবাসি আমি?
তবে হ্যাঁ,
তোমাকে না দেখলে
কবিতা আমার আসে না।
কালো কালো
এলোমেলো অক্ষর অনেক আসে;
কিন্তু কবিতা কখনো আসে না।
ছন্দ বদ্ধ শব্দ এলেও
হৃদয় যুক্ত সুর তাতে আসে না।
তবুও বলছি-
প্রতি রাতে,
স্বপ্নে তুমি এসো বলে
ভেবো না
তোমাকে ভালোবাসি আমি।
ইঁদুর টিকটিকি
তাদেরকেও তো স্বপ্নে দেখি আমি।
তাবলে কি
ইঁদুর টিকটিকি ভালোবাসি আমি?
কই
আমি তো কখনো
কবিতায় "ইঁদুর আঁখি", "ইঁদুর ওষ্ঠ"
ইত্যাদি সব লিখি না!
আমি কেবল
"মালবিকা ওষ্ঠ" লিখি, "মালবিকা আঁখি" আঁকি।
গা ছুঁয়ে দিব্যি দিয়ে বলছি তোমায়-
দিনরাত
কেবল মালবিকা মালবিকা করি বলে
ভেবো না
তোমাকে ভালোবাসি আমি।
তুমিই বলো
মালবিকা কি তুমি একা নাকি?
বৃন্দবনীর বকনা বাছুর
তারও নাম মালবিকা।
তিন্নির পোষা ছারপোকা
তারও নাম মালবিকা।
ছারপোকা বকনা বাছুরকে দেখে
কবিতা তো আমি লিখি না।
কেবল
বিশেষ এক মালবিকাকে দেখে
কবিতা লিখি আমি।
কিন্তু কেন লিখি?
কেন আমি
বিশেষ সেই মালবিকাকে দেখেই
বারবার কবিতা লিখি?
নাহঃ তা আমি জানি না।
তবে এটা নিশ্চিৎ-
আমি ভালো তোমাকে বাসি না।
© অরুণ মাজী
Painting: Eugenio De Blaas
Bu şiiri puanla
Henüz puan verilmemiş