তুই আমি আর কাঁচের দেওয়াল (Malobika..)
A
0
Altın Yaprak
সব সময় খাবো খাবো ভাব আমার।
আকাশ খাবো, বাতাস খাবো,
নদী খাবো, ফুল খাবো। সব খাবো।
চেঁটে পুঁটে খেয়ে সব শেষ করে দেবো।
আর খেয়ে ফেললেই
খিদেটা আমার খাবি খেয়ে পড়ে।
ঘুমে তখন চোখ জুড়িয়ে আসে।
অথচ কি আশ্চর্য্য
তোর ঠোঁট দুটো কিন্তু ভীষণ আলাদা!
যত খাই ওগুলো, তত বেশি খিদে বাড়ে।
ভাবছি,
তুই আর আমি যে ঘরে থাকবো,
সেখানে ঘর জুড়ে একটা জানালা থাকবে।
আমরা জানালা দিয়ে আকাশ দেখবো,
বাতাসকে টিটকিরি করবো, প্রজাপতিকে ভয় দেখাবো,
ভোমরার সাথে কানামাছি ভোঁ ভোঁ খেলবো।
তবে যেটা না বললে নয় সেটা হলো-
তোর আর আমার মাঝে
কাঁচের আস্ত একটা দেওয়াল থাকবে।
তুই এক আপেটাইজার-
তোকে দেখলেই
খিদেটা আমার চড় চড় করে চড়ে
তৃষ্ণাটা আমার তরতর করে বাড়ে।
দেহেও বাড়ে, মনেও বাড়ে।
গ্রীষ্মেও বাড়ে, শীতেও বাড়ে।
অম্বলেও বাড়ে, বদ হজমেও বাড়ে।
সদাই ভাবি,
তোকে এক পৃথিবী খেয়ে ফেলবো।
তোকে এক সাগর খেয়ে
আমি চোঙা চোঙা ঢেকুর তুলবো।
জানিস?
তোকে খেতে আমার বেশ লাগে।
মিঠে লাগে। টক টক লাগে। ঝাল ঝাল লাগে।
যদিও তোকে খায়নি আগে,
তবুও জানি,
তোর ঠোঁটে, কেমন একটা রঙ আছে।
বুকে, কেমন যেন দারুচিনি এক গন্ধ আছে।
চোখে, কেমন যেন রসালো এক ভাব আছে।
একশো ভাগ নিশ্চিৎ আমি
খেতে তোকে ভালোই লাগবে।
তবে দিব্যি দিয়ে বলছি তোকে,
খেতে চাইলেও, একটুও খাবো না তোকে।
তোকে কেবল দেখবো।
হ্যাংলার মতো দেখবো। ক্যাবলার মতো দেখবো।
ভ্যাবলার মতো দেখবো।
তোকে দেখবো, আর খিদে বাড়াবো।
খিদে বাড়াবো, আর বুকে যন্ত্রণা পাবো।
তোকে আমি আড়ালে আড়ালে দেখবো।
হাঁ হয়ে দেখবো। ফ্যালফ্যাল করে দেখবো।
মাঝে মাঝে তুই কাঁচের গা ঘেষে দাঁড়াবি।
তোকে আমি শুঁকবো।
বেশি বেশি নয়। একটু একটু শুঁকবো।
সব সময় নয়। মাঝে মাঝে শুঁকবো।
আচ্ছা,
কাঁচের দেওয়ালটা কি রঙের হবে বল তো ?
নীল? লাল? না সবুজ?
জানিস?
নীল খিদে ভালো নয়, হতাশা আসে।
লাল খিদে ভয়ঙ্কর, একলাফে মাথায় চড়ে।
সবুজ খিদে মন্দ নয়, তবে খুব ধীরে জাগে।
হলদে খিদে আমি চোখে দেখতে পারি না।
অধৈর্য্যে, হতচ্ছাড়া আমার গলা টিপে ধরে।
ভাবছি,
কাঁচের দেওয়ালটা
তোর ঠোঁটের রঙেই হওয়া উচিৎ।
সারা ঘরটা তখন তোর "ঠোঁট" লাগবে।
আমি ঘুনাক্ষরেও বুঝবো না
তোর ঠোঁটটা আসলে কোথায় আছে!
অবশ্য এর গূঢ় এক কারণ আছে।
যদি আমি বুঝি, এটা তোর ঠোঁট,
তাহলে আমি কেন
ভগবানও আমাকে রক্ষা করতে পারবে না
তোর উপর ঝাঁপিয়ে পড়তে।
কাঁচের দেওয়ালটা ভেঙে গুঁড়িয়ে
তখন কি যে করবো আমি,
তা আমি নিজেও জানি না।
তুই কি জানিস
তখন কি করবো আমি?
© অরুণ মাজী
Painting: John William Godward
Bu şiiri puanla
Henüz puan verilmemiş