আমি উলঙ্গ শিশু হতে চাই
A
0
Altın Yaprak
বড় বড়, গোঁফওয়ালা ভদ্দরলোকদের মতো
নখ-দন্তহীন, ধেড়ে ইঁদুর হবো না আমি;
আমি উলঙ্গ এক, দুষ্টু নচ্ছার শিশু হতে চাই।
ভদ্দরলোকরা বড় অমায়িক, বোবা-বোবা;
স্বার্থের লাড্ডুতে, গলার নালী আটকানো ওদের।
পশ্চাৎদেশে সহস্র পদাঘাত জুটলেও
মুখে 'রা' কাটে না ওরা।
আমি সবার স্নেহচ্যুত, প্রেম-ভালোবাসাহীন-
স্কুল পালানো, এক দুষ্টু নচ্ছার শিশু হতে চাই।
হেসে হেসে, দাঁত কেলিয়ে, আমি উলঙ্গ রাজাকে বলতে চাই
রাজা রাজা, তোর কাপড় নাই। তোর নংকু সামলে রাখ।
ভন্ড ধার্মিককে আমি বলতে চাই-
তোর হাতে রক্ত, তোর শ্বাসে পোড়া পোড়া বারুদের গন্ধ!
তুই অভদ্র, তুই ইতর, তুই খুনী আর ভন্ড!
ছদ্ম পন্ডিতকে আমি বলতে চাই-
তোর চোখে স্বার্থের ছানি। তোর হৃৎপিণ্ডে নর্দমার গন্ধ!
আঁতেল ধর্ম নিরপেক্ষদের আমি বলতে চাই-
তুই একচোখা, তুই কানা, তোর মনে নপুংসকের দ্বন্দ্ব।
গোঁফ চাই না আমি, ইয়া মোটা পেট চাই না আমি
শুধু স্বচ্ছ এক, দৃষ্টি চাই আমি।
খ্যাতি চাই না আমি, সম্পদ চাই না আমি
শুধু ধারালো এক সেফ্টিপিন চাই আমি।
তোদের গর্বের ফানুস, ফুটো করে দেবো
তোদের চর্বিওয়ালা পশ্চাৎদেশে, কাঁটা ফুটিয়ে দেবো
তোদের মুখোশ আমি, ছিঁড়ে ছিঁড়ে দেবো
তোমাদের ঘোমটা আমি, টেনে খুলে দেবো।
বড় বড়, গোঁফওয়ালা ভদ্দরলোকদের মতো
নখ-দন্তহীন, ধেড়ে ইঁদুর হবো না আমি;
আমি উলঙ্গ এক, দুষ্টু নচ্ছার শিশু হতে চাই।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş