একফোঁটা চোখের জলে কতোগুলো ব্যথা (Malobika)
A
0
Altın Yaprak
একফোঁটা চোখের জলে কতোগুলো ব্যথা অমল?
বলো তো, কি কি রঙ তাদের?
মনে পড়ে তোমার
সোনালী সবুজ সেই স্বপ্নকে ?
কোন এক পূর্ণিমা রাতে
জ্যোৎস্নার সাথে ডানা মেলে উড়তে গিয়ে
যার অকালমৃত্যু ঘটেছিলো?
জানো? মরার আগে বেচারা
খুব কষ্ট পেয়েছিলো।
তুমি কি জানো?
স্বপ্ন সাথে সহবাস
সতীন সাথে সহবাসের চেয়ে অনেক বেশি দুঃসহ?
স্বপ্ন এক মৃত্যুকামী নেশাখোর।
মরীচিকার রামধনু রঙ
তাকে চিরতরে অন্ধ-বধির করে ।
আর হৃদয়? বেচারা!
তার কেবল যন্ত্রণা আর যন্ত্রণা!
স্বপ্ন, চোখ বেঁধে তাকে অন্ধ করে।
প্রেম, হাত-পা বেঁধে তাকে পঙ্গু করে।
বিবেক, ন্যায় অন্যায়ের সংঘাতময় যন্ত্রণায়
আমৃত্যু তাকে রগড়ে রগড়ে মারে।
আর তখনই তোমার রোমশ বুকের ক্ষুধার্ত "যৌবন"
প্রেমের ছদ্মবেশে
নখ আর দাঁত নিয়ে ঝাঁপিয়ে পড়ে
মালবিকার সুমিষ্ট হৃদয়ের উপর।
তোমার হিংস্র আগুন বুকের স্পর্শে
আমার মধ্যেকার সুপ্ত আগ্নেয়গিরি
দাউদাউ করে জ্বলে উঠে।
আমার মান অভিমান ধৈর্য্য সংযম
সবই- উপচে পড়া লাভার স্রোতে
ধুয়ে মুছে এক্কেবারে শেষ হয়ে যায়।
মরণ হোক গো, মরণ হোক মালবিকার!
নির্লজ্জ্য মূর্খ মৃত্যুকামী মালবিকা
অমলেরঅম্লানচোখে
আবার নতুন স্বপ্ন আঁকে।
স্বপ্ন আর স্বপ্ন!
আবার তার জন্ম। আবার অকালমৃত্যু।
স্বপ্নের চিতার উপর
উপুড় হয়ে শুয়ে
আর কতকাল কাঁদবো অমল?
© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko
Bu şiiri puanla
Henüz puan verilmemiş