তোমার স্মৃতি (Tomar Smriti)
A
0
Altın Yaprak
তোমার স্মৃতি
গ্রীষ্মের
শীতল জলাশয়ের মতো।
মাঝে মাঝে
একটু উত্তাপ যে নেই
তা নয়।
কিন্তু সে উত্তাপকে উত্তাপ বলে না।
দুটো নোনতা কাজু কখনো
এক হাঁড়ি পায়েসকে
নোনতা করে দিতে পারে না।
তোমার স্মৃতি
রামধনুর মতো সাত রঙা।
মাঝে মাঝে
আঁধার যে নেই
তা নয়।
কিন্তু সে আঁধারকে আঁধার বলে না।
এতো তো কলঙ্ক চাঁদ বুকে
চাঁদের ঔজ্জ্বল্য কি কমে তাতে?
তোমার স্মৃতি
দুর্ভিক্ষের দিনে এক ফোঁটা বৃষ্টি।
মাঝে মাঝে
বজ্র বিদ্যুতের ভয় যে নেই
তা নয়।
কিন্তু সে ভয়কে, ভয় আমি পাই না।
গোলাপ তুলতে গিয়ে
কাঁটার ভয় করলে চলবে কেন?
কেন জানি
আমার যা কিছু স্মৃতি
তা কেবল তোমারই স্মৃতি।
তোমার আড়চোখের চাহনি
রাঙা ঠোঁটের দুষ্টুমি
উঁচু বুকের পাগলামি।
কেন জানি
তোমার স্মৃতি
সর্ব্বহারার এক আশ্রয়!
সত্যিই স্থান পাবো কি না জানি না,
কিন্তু স্বপ্ন দেখতে ক্ষতি কি?
তুমিই বলো-
যদি আমি
দিনরাত তোমায় স্বপ্নে দেখি,
বাধা কি দিতে পারো তুমি?
পারো না, কক্ষনো না।
চাইলেও পারো না।
কেন পারো না?
কারন- তোমার স্মৃতি
আসলে আমার স্মৃতি,
আমার একান্ত হৃদয়ের স্মৃতি।
© অরুণ মাজী
Painting by Fabian Perez
Bu şiiri puanla
Henüz puan verilmemiş