তৃষ্ণার্ত কানাই (Thirsty Krishna)
A
0
Altın Yaprak
নাই বা এলে কানাই নায়ে
ডুবতে কেন বাধা?
প্রেমের বক্ষ সবার মোক্ষ
লাজুক কেন রাধা?
যেই ডুববে সেই ভরবে
হৃদের কুটিরখানি।
বৃক্ষ চূড়ায় হাসবে কানাই
ভরবে হৃদয়খানি।
ডাগর বুকে সাগর তোমার
তরঙ্গ মরে লজ্জায়।
নিতম্ব নদীতে নৃত্য তোমার
তটিনী মরে ঈর্ষায়।
হেসে দাও গো হেসে দাও
পাহাড় বুকে হাসি।
কানাই প্রাণ ভেসে যাক
প্রেমের বানে ভাসি।
চিৎ হয়ে সখী পাখনা মেলে
দেখে প্রজাপতি।
ঘোমটা ঢেকে নাচে সখী
এমন লজ্জাবতী!
প্রেম সাগরে ডুববে যদি
ঘোমটা ঢেকে কেন?
কলঙ্ক যদি মাখবে সখী
আড়াল খোঁজো কেন?
কাজল চোখে হাসি হেসে
ঠোঁট কাটো দাঁতে।
কানাই প্রাণে প্রলয় তুলে
হানো প্রেমাঘাতে।
নিঠুর কেন ওগো রাধে
নিঠুর কেন তুমি?
জ্বলি আশায় মরি কায়ায়
মরণ কেন তুমি?
জ্বলি গো সখী জ্বলি আমি
জ্বলে বক্ষ আমার।
প্রেম স্বপ্ন শুধু কি দুঃস্বপ্ন
স্পর্শ রবে না রাধার ?
© অরুণ মাজী
Painting: Hemen Mazumdar
Bu şiiri puanla
Henüz puan verilmemiş