উদাসীন উলঙ্গ জানোয়ার (Udasin Ulongo Janoyar)
A
0
Altın Yaprak
মানুষ মানুষকে কতটা বোঝে?
আমি যদি কেঁদে ফেলি
তুমি হয়তো একটু দুঃখ পাবে!
কিন্তু আমার মধ্যে যে নরক যন্ত্রণা
তার তুমি কতটা বুঝবে?
নরক থেকে
তোমাকে কেউ ফোন করে বললো-
"ঊহঃ কি নির্মম যন্ত্রণা এখানে।"
পরক্ষণেই তুমি তা ভুলে যাবে।
অথচ তুমিও জানো,
একদিন তুমিও সেখানে যাবে।
সকলের বুকেই অমাবস্যা!
সকলের বুকেই ঝিঁঝিপোকার
নিষ্ঠুর হি হি উল্লাস!
অথচ কারও যন্ত্রণা
আমরা কেউ কখনো বুঝি না।
স্ত্রী যখন ঘরের কোণে বসে
লুকিয়ে লুকিয়ে কাঁদছে;
স্বামী তখন বাথরুমে গাইছে-
"আহাঃ কি আনন্দ আকাশে বাতাসে"!
সেই স্বামীই পরদিন যখন
জীবন যন্ত্রনায়
আত্মহত্যা করার কথা ভাবছে-
তার স্ত্রী তখন
চোখে তৃষ্ণা নিয়ে বলছে-
"এই, আমাকে হীরের একটা নেকলেস কিনে দেবে? "
কত নিস্পৃহ নিষ্ঠুর আমরা!
কত উদাসীন উলঙ্গ জানোয়ার আমরা!
ভালোবাসো হে মানুষ, ভালোবাসো।
কিসের নিস্পৃহ উল্লাস তোমার?
জানো না-
আগামীকাল
তোমারও কালো দিন আসছে?
© অরুণ মাজী
Painting: John William Godward
Bu şiiri puanla
Henüz puan verilmemiş