ভালোবাসা তবে কি (Bhalobasa Tobe Ki)
A
0
Altın Yaprak
ভালোবাসা তবে কি?
সাহারার আর্তনাদে
আকাশের কয়েক ফোঁটা চোখের জল।
ভালোবাসা তবে কি?
সুনামির তান্ডব যাত্রায়
ক্ষুদ্র বৃক্ষের সামান্য প্রতিরোধ।
ভালোবাসা তবে কি?
শিশুকে বাঁচানোর তরে
গুলিতে ঝাঁঝরা মায়ের, আরও তিন পা হাঁটা।
ভালোবাসা তবে কি?
মরণ যাত্রাতেও
প্রেয়সীর পানে চেয়ে, এক চিলতে হাসি।
ভালোবাসা তবে কি?
বন্ধুকে বাঁচাতে
আপন বুকটা বাড়িয়ে দেওয়া।
ভালোবাসা তবে কি?
অনাহার ক্লিষ্ট শিশুর তরে
ক্ষুধার্ত মুমূর্ষু ভিখারীর, যথা স্বর্বস্ব দান।
ভালোবাসা তবে কি?
ছোট্ট ঘর; কিন্তু আকাশ সমান স্বপ্ন
ছোট্ট বুক; কিন্তু পাহাড় সমান সাহস।
ভালোবাসা তবে কি?
নেই; তবুও যেন কত কত আছে।
মরে গেছে; তবুও যেন কত বেঁচে আছে।
ভালোবাসা তবে কি?
জীবন মৃত; কিন্তু স্বপ্ন নয়।
সৌন্দর্য্য মৃত; কিন্তু হাসি নয়।
ভালোবাসা তবে কি?
কথা যেখানে গাথা হয়ে গায়
যন্ত্রণা যেখানে সঙ্গীত হয়ে ধায়।
ভালোবাসা তবে কি?
দস্যুরও, দেবত্বে উত্তরণ
বেশ্যারও, হটাৎ জাগরণ।
ভালোবাসা তবে কি?
নিঃস্ব হয়েও সবই বিলিয়ে দেওয়া
আনাড়ি হয়েও আকাশের গান গাওয়া।
ভালোবাসা তবে কি?
জাতে মাতাল, অথচ তালে ঠিক
ভাঁড়ে ভবানী, অথচ দানে লক্ষী।
ভালোবাসা তবে কি?
অসীম........
অগম্য........
অশেষ.........
ভালোবাসা তবে কি?
এক বিন্দু জল হাতে
সমুদ্র ব্যাখ্যা করি কি করে?
তবুও বলি-
ভালোবাসা তাই -
যা ক্ষুদ্রকে বৃহস্পতি করে
পাপীকে বাল্মীকি করে।
© অরুণ মাজী
Painting: Xie Chuyu
Bu şiiri puanla
Henüz puan verilmemiş