জীবন যৌবন যন্ত্রণা (Malobika)
A
0
Altın Yaprak
আগামীর অদৃশ্য আবেশে আবিষ্ট হয়ে
চির অপেক্ষমান
প্রেমহীন
অবসাদগ্রস্ত হৃদয়।
কতদিন?
আর কত অপেক্ষা?
কত অপেক্ষা করলে
হতভাগ্য যৌবনের
একটু প্রায়শ্চিত্ত হয়?
এই বিষণ্ণ বিকেলে
রাঙা ঠোঁটে জবা মেখে
হেসে হেসে হেঁকে যায় কে?
ফেরিওয়ালা? কোন ফেরিওয়ালা?
ওহে ফেরিওয়ালা
কি ফেরি করো গো ? প্রেম?
কত দাম গো?
গাড়ি? বাড়ি? প্রাসাদ?
নাহঃ বাবা নাহঃ
গাড়ি বাড়ি প্রাসাদ কিচ্ছু আমার নেই।
গোপন স্বপ্নে আঁকা
হলুদ একটা চাঁপা দেবো তোমায়।
নেবে?
কি বললে? নেবে না?
কক্ষনো নেবে না?
অবসাদের অনাহুত আঙিনায়
আশাহীনতা বুকে
জেগে আছে আশা
ধৈর্য্য নামের অধৈর্য্যকে সঙ্গী করে।
ছিন্ন স্বপ্নের আঙিনায়
শুয়ে আছে মৃত যৌবন
জীবন নামের মরণকে সঙ্গী করে।
এদিকে ঢং ঢং করে কিসের ঘন্টা বাজলো?
বার্ধক্যের?
ওহে সময়
সবে কাঁচা যৌবন আমার
এখুনি বার্ধক্যের সময় হবে কেন?
মালবিকা, তুমিই বলো না
এখন কি বার্ধক্যের সময় হয়েছে আমার?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş