প্রেমের সাথে বিষ মিশিয়ে দাও (Malobika...)
A
0
Altın Yaprak
উজাড় করে দিও না
অন্তত কিছুটা লুকিয়ে রাখো।
বিশুদ্ধ প্রেমের সাথে
প্রাণঘাতী একটু ঘৃণা মিশিয়ে দাও।
কোমল ছোঁয়ার সাথে
বিষাক্ত একটু আঁচড় কেটে দাও।
রক্ত না ঝরলে
গোলাপের মর্ম বুঝবো কেমনে?
দংশণ বুকে আর্তনাদ না করলে
ব্যথিতের সুর শিখবো কেমনে?
প্রেমকে যারা
চওড়া কপালের হাসি বলে জানে
তারা আমাকে হুঁকো টানতে ডাকে না।
সুখকে যারা
সৌভাগ্যের সন্তান বলে জানে
তারা আমাকে কাবাডি খেলতে ডাকে না।
উদারতাকে যারা
অর্থের নিশ্চিত কৃপা বলে জানে
তারা আমাকে চাঁট মুড়ি খেতে ডাকে না।
কেন?
তাদের বিশ্বাসে তালি আমি দিই না।
দিনদিন আরও বেশি
অস্পৃশ্য হয়ে উঠছি আমি।
তবুও
দুর্ভাগ্যের বিষাক্ত বুকে
সুখের সুন্দর হাসি আঁকি আমি।
আঁধারের কর্কশ বুকে
আলোর শক্ত পাঠ নিই আমি।
বেশ্যা রমণীর নগ্ন বুকে
ঐশ্বরিক প্রেমের স্তোত্র পড়ি আমি।
নৃশংস খুনীর ঘৃণ্য বুকে
হৃৎস্পন্দনের অপূর্ব সংগীত খুঁজি আমি।
অনেকদিনই হলো।
ঘৃণা আমাকে
ঘৃণা ভরে পরিত্যাগ করেছে।
ভয় আমাকে
ভয় পেয়ে পালিয়েছে।
আমার পৌরুষত্ব
যেদিন অবেলায় ঘুমিয়ে পড়ে,
সেদিন ছাড়পোকাকে আমন্ত্রণ জানিয়ে বলি
"দে ভাই দে
কান মুলে একটা থাপ্পড় লাগিয়ে দে।"
সঙ্কোচ তুমি করো না মালবিকা
সঙ্কোচ তুমি করো না।
নিঃসঙ্কোচে তুমি
প্রেমের সাথে বিষ মিশিয়ে দাও।
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
Bu şiiri puanla
Henüz puan verilmemiş