চরিত্র ভিখারী
A
0
Altın Yaprak
তোমাদের খ্যাতির খ্যাঁকখেঁকে গলায়
খুশির খুকখুকে কাশি আর কেশো না।
তোমাদের বিদ্যার বড় বড় বুলিতে
বুলবুলির মতো বকমবাজি আর করো না।
ন্যাংটোকে ন্যাংটো বলতে যাদের কাঁছা খুলে আসে
আঁধারকে আঁধার বলতে যাদের বুকে অমাবস্যার ত্রাস নেমে আসে-
তাদেরকে আমি, ন্যাংটো নেংটি ইঁদুরও ভাবি না।
কাপড় পড়লেই কি দগদগে ক্ষত, সব ঢেকে যায়?
আতর মাখলেই কি চরিত্রের দুর্গন্ধ, সব মুছে যায়?
বিদ্যার বুলি আওড়ালেই কি মনের অন্ধকার, সব চলে যায়?
ধনী হয়েও, চরিত্রের দীন ভিখারী যারা
বস্ত্র আবৃত হয়েও, ভীষণই উলঙ্গ নির্লজ্জ যারা
মেরুদন্ডযুক্ত হয়েও, অমেরুদন্ডী অঙ্গুরীমাল সরীসৃপ যারা
তাদেরকে আমি ছাপোষা ছাড়পোকা, বা তেলতেলে তেলাপোকাও ভাবি না।
ট্যাঁকে রাখো, ট্যাঁকে রাখো- তোমার বিদ্যা বুদ্ধি খ্যাতি।
দীন ভিখারী, চরিত্রের দীন ভিখারী যদি তুমি
তবে কিসের, কিসের তোমার এতো বিদ্যা বুদ্ধি প্রতিপত্তি?
© অরুণ মাজী
Painting by Jia Lu
Bu şiiri puanla
Henüz puan verilmemiş