ভালো তোমাকে বাসি না (Bhalo Tomake Basi Na)
A
0
Altın Yaprak
ভালো তোমাকে বাসি না ;
তোমাকে কেবল
একটু ভাবতে ইচ্ছে করে।
হাসি হাসি মুখটা তোমার
একটু দেখতে ইচ্ছে করে।
কাজল কালো চোখে তোমার
একটু ডুবতে ইচ্ছে করে।
রাঙা রাঙা পাপড়ি তোমার
একটু ছুঁতে ইচ্ছে করে।
মাইরি বলছি, ভালো তোমাকে বাসি না।
একটুও না। কক্ষনো না।
তোমার কথা ভেবে কেবল
নীল নীল ব্যথা, একটু পেতে ইচ্ছে করে।
সবুজ সবুজ স্বপ্ন, একটু দেখতে ইচ্ছে করে।
হলদে হলদে হাসিতে তোমার, একটু উড়তে ইচ্ছে করে।
কালো কালো চোখে তোমার, একটু মরতে ইচ্ছে করে।
দিব্যি দিয়ে বলছি আমি
ভালো তোমাকে বাসি না।
ইচ্ছে করেও না। ভুল করেও না।
মাঝে মাঝে কেবল
তোমার সুউচ্চ পাহাড়ে
একটু চড়তে ইচ্ছে করে।
তোমার উপত্যকার ঢালে
গড়িয়ে পড়ে পাঁজর ভাঙতে ইচ্ছে করে।
তোমার কুয়াশা ঢাকা অরণ্যে
একটু হারাতে ইচ্ছে করে।
তোমার পূর্ণিমা মাখা নদীতে
একটু ডুবতে ইচ্ছে করে।
ভালো তোমাকে বাসি না গো
ভালো তোমাকে বাসি না।
তবুও কেন জানি
কাজল কালো চোখে তোমার
বারবার মরতে ইচ্ছে করে।
ভালো তোমাকে বাসি না গো
ভালো তোমাকে বাসি না।
© অরুণ মাজী
Painting: John William Godward
Bu şiiri puanla
Henüz puan verilmemiş