যদি ভুলে যাও আমাকে ।। পাবলো নেরুদা (Bengalized By Rahman Henry)
R
0
Altın Yaprak
যদি ভুলে যাও আমাকে ।। পাবলো নেরুদা
তোমাকে জানিয়ে দিতে চাই
একটা কথা।
তুমি জানো, কীভাবে ঘটে যায় এসব:
মন্থরভাবে হেঁটে যাওয়া হেমন্তের দিনগুলোতে
আমার জানালায়
লালচে হয়ে ওঠা ডালপালার ভেতর দিয়ে
আমি যদি স্বচ্ছ ওই চাঁদটার দিকে তাকাই,
যদি স্পর্শ করি
আগুনের পাশে পড়ে থাকা
স্পর্শাতীত ছাই
অথবা বাকল কুঁচকে যাওয়া কাঠের গুঁড়ি,
এর প্রত্যেক কিছুই আমাকে টেনে নিয়ে যায় তোমার কাছে,
যেন যা কিছুই অস্তিত্বমান.
সুগন্ধীগুলো, আলোকমালা, ধাতবসমূহ,
সবাই একেকটি ছোট ছোট নৌকো
পাল তুলে ছুটে যায় তোমার দ্বীপপুঞ্জের দিকে
যে দ্বীপপুঞ্জ অপেক্ষমান আমারই জন্য।
ভালো কথা, তা হ'লে এখন,
একটু একটু করে তুমি যদি আর ভালো না বাসতে থাকো আমায়
আমিও একটু একটু করে ভুলে যেতে থাকবো তোমাকে।
যদি হঠাৎ
তুমি ভুলে যাও আমাকে
এই অনুভবে যে, ইতোমেধ্যেই আমি ভুলে গেছি তোমাকে।
তুমি যদি ভাবো
উড্ডীন ঝাণ্ডা নাড়িয়ে দিয়ে আমার জীবন জুড়ে বয়ে যাওয়া
এই হাওয়া, যথেষ্ঠ হয়েছে এই পাগলামি,
আর মনোস্থির করো
আমাকে হৃদয়ের এই বেলাভূমিতে ফেলে যাবে,
যেখানে শেকড় গেঁড়েছি আমি,
তা হ'লে মনে রেখো,
ওই দিনই,
ওই মুহূর্তেই,
আমি মেলে দেবো ডানা দুটি
আর আমার শেকড়গুলো যাত্রা শুরু করবে
অন্য কোনও ভূমণ্ডলের দিকে।
কিন্তু
প্রতিদিন,
প্রতি ঘন্টায়,
যদি তুমি উপলব্ধি করো, অপ্রশমনীয় উপভোগ্যতায়,
তুমিই আমার নির্ধারিত নিয়তি,
যদি প্রতিদিন একেকটি পুষ্পবাসনা
আমাকেই কামনা করে চড়ে বসে তোমার যুগলোষ্ঠে,
আ! রাণী আমার, আ! আমার আপনের আপন,
আমার হৃদয়ের সেই বাসনাসমূহ লেলিহান শিখার মত দাউ দাউ করে উঠবে আবার,
নির্বাপিত হবে না কিছুই, বিস্মৃতিতে যাবে না মুহূর্তের প্রাপ্তিগুলোও,
প্রিয়তমা, আমার প্রেম পুষ্টি যোগাবে তোমার ভালোবাসার,
আর যতদিন বেঁচে থাকবে তুমি, আমাকে পরিত্যাগ না করেই এই দেহমন
তোমারই বাহুবন্ধনে থাকবে সমর্পিত শিশু।
* Bengalized by Rahman Henry
@ Rahman Henry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş