ভালো তোমাকে বাসি না (Malobika)
A
0
Altın Yaprak
ভালো তোমাকে বাসি না গো
ভালো তোমাকে বাসি না।
তবে হ্যাঁ। তোমাকে আমি
কখনো কখনো ভালোবাসি।
সকালে জেগে উঠে
যখন মনে পড়ে তোমাকে,
তখন একটু ভালোবাসি।
দুপরে অফিসে
আনমনা হয়ে ভাবলে
তোমাকে সাড়ে তিন ইঞ্চি ভালোবাসি।
অবশ্য ছ ইঞ্চির কম ভালোবাসাকে
ভালোবাসা কখনো বলে না।
সেই অর্থে, তোমাকে আমি
একটুও ভালোবাসি না
নখের মাপেও ভালোবাসি না।
তবে হ্যাঁ। তোমাকে না দেখলে
বুকটা কেমন ফঙ ফঙ করে
মনটা কেমন ঢঙ ঢঙ করে।
অবশ্য বুক সড়সড় না করলে
ভালোবাসা তাকে বলে না।
সেই অর্থে, তোমাকে আমি
একদমই ভালোবাসি না।
তবে হ্যাঁ। সন্ধ্যায় বারান্দায় বসে
আকাশে চোখ মেললে-
বুকটা একটু সড়সড় করে
হৃদয়টা একটু ধুকপুক করে।
অবশ্য হৃদয় ঝনঝন না করলে
ভালোবাসা তাকেবলে না।
সেই অর্থে, তোমাকে আমি
এক বুকও ভালোবাসি না।
তবে হ্যাঁ। রাতে ঘুমোতে গেলে
বুকটা কেমন ঝনঝন করে
হৃদয়টা কেমন চিনচিন করে।
অবশ্য রাতে স্বপ্নে জেগে না উঠলে
ভালোবাসা তাকে বলে না।
সেই অর্থে, তোমাকে আমি
এক স্বপ্নও ভালোবাসি না।
তবে হ্যাঁ। মাঝে মাঝে
ঘুমের মধ্যে কেমন যেন বিড়বিড় করি
স্বপ্নের মধ্যে কাকে যেন ছুঁই ছুঁই করি।
অবশ্য স্বপ্নে কাউকে জড়িয়ে না ধরলে
ভালোবাসা তাকে বলে না।
সেই অর্থে, তোমাকে আমি
এক রাতও ভালোবাসি না।
ভালো তোমাকে বাসি না গো
তোমাকে আমি
একটুও ভালোবাসি না।
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
Bu şiiri puanla
Henüz puan verilmemiş